নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) রাজস্ব কর্মকর্তা নাজমুল হকের চাকরি, পদায়ন ও দায়িত্ব পালনের পদ্ধতি নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, প্রকাশিত সংবাদে নাজমুল হককে নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির পক্ষে সংশ্লিষ্ট দাপ্তরিক নথিপত্র যাচাই করা যায়নি।
প্রতিবাদে বলা হয়েছে, নাজমুল হকের চাকরি ও পদায়ন নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয়। তিনি টঙ্গী পৌরসভার লাইসেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে তাকে রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেন বলে দাবি করা হয়েছে। তাঁর চাকরি ও পদায়ন-সংক্রান্ত তথ্য সার্ভিসবুকে যথাযথভাবে অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানানো হয়েছে।
কোনাবাড়ী জোনে দায়িত্ব পালনকালে তৎকালীন এক কর্মকর্তার সঙ্গে অসদাচরণ বা হাতাহাতির অভিযোগও অস্বীকার করা হয়েছে। প্রতিবাদকারীদের দাবি, ওই ঘটনা নিয়ে দাপ্তরিকভাবে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় নাজমুল হকের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি বলে দাবি তাদের।
এ ছাড়া নাজমুল হক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত এবং মামলা-সংক্রান্ত বিষয়ে কোনো বিশেষ মহলের সঙ্গে যোগাযোগ রাখেন—এমন অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তিনি একজন পেশাদার সরকারি কর্মকর্তা হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছেন এবং কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলেও প্রতিবাদে উল্লেখ করা হয়।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নাজমুল হক বলেন, ‘আমার দীর্ঘ চাকরিজীবনে আমি সবসময় নিয়ম, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
প্রতিবাদকারীরা আরও বলেন, দাপ্তরিক নথিপত্র যাচাই-বাছাই না করে কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ করা হলে তাঁর পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। তাই এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও নথিপত্র যাচাই করার আহ্বান জানান তারা।
নাজমুল হকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এসব তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
ক্রাইম নিউজ